SIR-এ লাখ লাখ বৈধ বাঙালির নাম বাদ দেওয়া এবং প্রায় ৬০ লক্ষ বাঙালির নাম “Under Adjudication” তালিকায় ঝুলিয়ে রাখার প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামল বাংলা পক্ষ।
অভিযোগ, বাংলায় কোটি কোটি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী থাকার অজুহাতে SIR করা হলেও, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় কোনো রোহিঙ্গার নাম পাওয়া যায়নি। বরং দেখা গেছে, বিপুল সংখ্যক বৈধ বাঙালি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
বাংলা পক্ষের দাবি, ডিলিট হওয়া অধিকাংশ ভোটারই হিন্দু বাঙালি। এর মধ্যে মতুয়া সহ বহু উদ্বাস্তু হিন্দু বাঙালির নামও কাটা গেছে। পাশাপাশি প্রায় ৬০ লক্ষ বৈধ বাঙালির নাম “Under Adjudication” তালিকায় রেখে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনের।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসার দিনই কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হয় বাংলা পক্ষের কর্মী-সমর্থকেরা। কালো পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদে ফেটে পড়েন তারা।
এই বিক্ষোভে নেতৃত্ব দেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক কুশনাভ মণ্ডল, উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার সম্পাদক পিন্টু রায়, সঞ্জু গুহ, অভিজিৎ দে সহ সংগঠনের একাধিক নেতা।
বাংলা পক্ষের দাবি, দ্রুত ৬০ লক্ষ বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় যুক্ত করতে হবে। পাশাপাশি যেসব বৈধ ভোটারের নাম অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে, তাদের নামও অবিলম্বে ফিরিয়ে দিতে হবে।
প্রতিবাদ মঞ্চ থেকে সংগঠনের হুঁশিয়ারি—
এটা বাংলার মাটি, এটা বীর সুভাষের মাটি। ইউপি, বিহার বা গুজরাট নয়। বাঙালির নাম যারা বাদ দিয়েছে, তাদের খারাপ দিন আসছে।






